পাঁচটি কবিতা
১
এই আছ,এই নেই আর
তুমি ওই হাল্কা হাওয়ার
মত অনায়াস হয়ে আছ
কাছে আসো,হাসো চোখ মেলে
এতই সহজ যদি তুমি
তবে আজ
পরিযায়ী মেঘেদের মত
কোথায় হারালে?
২
পুরনো ভাষায় কথা বলি
জঙ-ধরা,টুটাফাটা কথা
কী জানি কাহার মত ওরা
পুরাতন প্রেমের বারতা?
তোমরা নতুন কথা জানো
'আধুনিক' তোমাদের কাছে
যত পড়ি তত দেখি তবু
নির্মাণে স্বেদ লেগে আছে...
৩
যেসব হারিয়ে গেছে আজ
ফিরবে না কোনদিন আর
ফাঁড়ির মাঠের বুড়ো নিম
তোমাকেই আজ দরকার
আবার ফিরিয়ে দাও সেই
কালবোশেখির ঝোড়ো স্মৃতি
রুপারোপ কে-বা জানে বলো
কে জানে কালের সেই দিঠি!
৪
এক ঘুম থেকে জেগে উঠে
অন্য ঘুমের দেশে যাব
মাঝখানে কিছু পথ হাঁটা
তারপর হাওয়ায় হারাব
হয়ত-বা সেইপথে যেতে
হটাত তাহার পাব দেখা
সে কি তবু চেনা দেবে বলো?
একা আমি হব আরও একা...
৫
এ-জীবন গোলকের ধাঁধা
এ-জীবন পর্দানশিন
ওই পারে যেন কিছু আছে
এই পথ ভীষণ গহিন
দুটি পথ তবু জানি কভু
কোনদিনও মিলবে না হায়
এক পথ শুধু আলোঝরা
এক পথ ভেজা বরষায়...
